• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শেবাচিমে ৩৩০ ভোলায় ৩০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৯, ১৪:১৭ অপরাহ্ণ
শেবাচিমে ৩৩০ ভোলায় ৩০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

বিডি ক্রাইম ডেস্ক ॥

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৩৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৮৯ জন পুরুষ, ৭৮ জন নারী ও ৬৩ শিশু রয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪১ জন রোগী ভ‌র্তি হয়েছেন। এরমধ্যে ২৬ জন পুরুষ, ১৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া ৪০ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

সোমবার (১২ আগস্ট) থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১শ বেডের স্বতন্ত্র যে ওয়ার্ডটি চালু হয়েছে, সেখানে নারী রোগীদের রাখা হচ্ছে। আর ডেঙ্গু পুরুষ রোগীদের পুরুষ মেডিসিন ওয়ার্ডগুলোতে এবং শিশু রোগীদের জেনারেল শিশু ওয়ার্ডে রাখা হচ্ছে।

ঈদের দিন রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করাতে কিছুটা বিড়ম্বনায় পড়লেও মঙ্গলবার সকাল থেকে চিকিৎসকরা যথা নিয়মে রোগীদের খোঁজ-খবর নিয়েছেন। ব্যবস্থাপত্র হালনাগাদ করেছেন। তবে ওষুধসহ অনেক কিছুই বাইরে থেকে কিনতে হচ্ছে ডেঙ্গু রোগীদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সবকিছুরই যথেষ্ট সরবরাহ রয়েছে।

গত ১৬ জুলাই থে‌কে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে মোট ৯১৩ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি হয়। এরমধ্যে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৫৮৩ জন এবং মারা গেছে চারজন। অপরদিকে ভোলায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও সাতজন। এনিয়ে দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে। যাদের মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন ও চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন ১৩০ জন এবং ঢাকায় স্থানান্তর করা হয়েছে সাত জনকে।

ভোলার চার উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সদর হাসাপাতালে ২৭ জন ও চরফ্যাশনে তিনজন। আক্রান্তদের মধ্যে ১০ জন স্থানীয় রোগী হলেও বাকিরা ঢাকা থেকে এসেছেন বলে জানান ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার।

তিনি জানান, ডেঙ্গু রোগীদের পর্যপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর হাসপাতালসহ সব হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ ডিভাইস (এন্টিজেন্ট কিডস) সরবরাহ করা হয়েছে। এখন থেকে সব হাসপাতাল থেকেই চালু হয়েছে ডেঙ্গু শনাক্ত করার পরীক্ষা-নিরীক্ষা।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে ভোলা পৌরসভাসহ বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্চন্নতা অভিযান চলছে। তবুও ডেঙ্গু আতঙ্কে রয়েছে মানুষ। জ্বরে আক্রান্ত হলেই রোগীরা ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গুর পরীক্ষা-নিরীক্ষা করতে ছুটে যাচ্ছেন।

সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার সাত উপজেলায় ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী কাজ করছে। সচেতনতামূলক সভা, স্বাস্থ্যশিক্ষা প্রশিক্ষণ, পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।