বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের মেহেন্দীগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে আগুন দিয়ে দুর্বৃত্তরা দুটি ঘর পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের আকন কান্দি গ্রামের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা আকন কান্দির আব্দুর রহমান ফারুকের কাছারি ও লাকড়ির ঘর পুড়িয়ে দেয় এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এরআগের রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের বিলবোর্ডে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
আব্দুর রহমান ফারুক ভাসানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। রাজনৈতিক বিরোধের জেরে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করতে ঘর পুড়িয়ে ককটেল নিক্ষেপ করেছে বলে দাবি করেন আব্দুর রহমান ফারুক।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি বলে জানান।
আব্দুর রহমান ফারুক বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা বাড়ির সামনে একটি লাকড়ির ঘরে আগুন দেয়।
ওই সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের শব্দে তার ও বাড়ির লোকজনের ঘুম ভাঙলে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে লোকজন ডেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে লাকড়ির ঘর ও কাছারিঘর পুড়ে গেছে।
আব্দুর রহমান আরও বলেন, শুক্রবার রাতে দুর্বৃত্তরা বরিশাল-৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বারের বিলবোর্ড ও ফেস্টুন পুড়িয়ে দিয়েছিল। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ঘর পুড়িয়েছে।
এ ব্যাপারে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আগুনে জামায়াত নেতার লাকড়ির ঘর ও কাছারিঘর আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় জামায়াত নেতারা এটিকে সুস্পষ্ট পরিকল্পিত নাশকতা ও একই চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।
প্রতিবাদে, রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভাসানচরের দফাদার হাট বাজারের ব্রিজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্রিজে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান ফারুক এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. আহসান হাবিব। সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিরহাট থানা সভাপতি মাওলানা ফজলুল হক ও বরিশাল জেলা সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাফর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
তারা আরও বলেন, আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তিকে ভয় দেখিয়ে ভাঙা যাবে না। গুপ্ত হামলার মাধ্যমে রাজনৈতিক মাঠ দখলের স্বপ্ন দেখেন যারা, এটি তাদের জন্য কড়া সতর্কবার্তা। শান্ত এলাকায় বিশৃঙ্খলা ছড়ানোর দুঃসাহস বরদাশত করা হবে না। ইনশাআল্লাহ আইন ও জনগণ উভয় দিক থেকেই জবাব পাবে এ ধরনের নাশকতার সঙ্গে জড়িতরা।