শামীম আহমেদ ॥
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত করা হয়েছে। এরা হলো বরিশাল সিটি করপোরেশনের বানিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মোঃ আজিজুর রহমান, কর ধার্য্য শাখার এস্টেট অফিসার ( এ্যাসেসর হিসেবে কর্মরত) মোঃ মাহবুবুর রহমান ও আইন শাখার আইন সহকারী মোঃ রফিকুল ইসলাম।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা সাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পৃথক তিনটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার জন্যও বলা হয়েছে। এদিকে সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
জানাগেছে, শঠতা ও মিথ্যাচারের মাধ্যমে প্রশাসনিক শাখায় ন্যাস্ত থাকার পরেও নিজেকে জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য কমিশনের একটি শুনানিতে অংশ নেন।
যা চাকুরি বিধির নিয়ম বহির্ভূত এবং আচরন বিধি ভঙ্গের শামিল। তাই তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানতে চেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আর এর জবাবও আগামী তিনদিনের মধ্যে দিতে বলা হয়েছে।
তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত ও এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।