বিডি ক্রাইম ডেস্ক ॥ গত তিনদিন ধরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতাবস্থায় রয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৭ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৬ জন। সোমবার (৯ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন ৪১ জন ডেঙ্গু রোগীসহ বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ জন। এ সব হাসপাতাল গুলোতে বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২১৩ জন রোগী চিকিৎসাধীন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কম। তবে সেপ্টেম্বরের পর ডেঙ্গু অনেকটা কমে যাবে বলে আশা করছি।