• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ফের কমলো সোনার দাম

admin
প্রকাশিত জুন ১৭, ২০১৯, ১৪:০৮ অপরাহ্ণ
ফের কমলো সোনার দাম

বিডি ডেস্ক ॥ চার দিনের ব্যবধানে আগামীকাল মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম কমছে। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম হবে ৫০ হাজার ১৫৫ টাকা দাঁড়াবে। আগের চেয়ে ভরিতে দাম কমছে ১ হাজার ১৬৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্তটি জানায়। সর্বশেষ গত শুক্রবার প্রতি ভরি সোনার দামে ১ হাজার ১৬৭ টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।

দর কমায় কাল মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৮০৭ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা। অনেক দিন পর রুপার দাম কমছে। প্রতি ভরি হবে ৯৩৩ টাকা।

আজ সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫১ হাজার ৩২২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৯৮৯ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৯৭৩ টাকায় বিক্রি হচ্ছে। কাল থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা দাম কমছে। সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭৫৮ টাকা ও রুপার ভরিতে কমবে ১১৭ টাকা।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম কমেছে। এ ছাড়া বাজেটে ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে ভরিতে শুল্ক ৩ হাজার টাকা থেকে হ্রাস করে ২ হাজার টাকা নির্ধারণ করায় কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সব মিলিয়েই সোনার দাম কমানো হয়েছে।

জুয়েলার্স সমিতি এত দিন কেবলমাত্র সোনা ও রুপার দাম নির্ধারণ করে দিত। তবে সম্প্রতি প্লাটিনামের মূল্যও নির্ধারণ করা শুরু করেছে। কাল থেকে প্রতি ভরি প্লাটিনামের মূল্য কমে ৬১ হাজার ৮১৯ টাকা হচ্ছে। আজকে পর্যন্ত ছিল দর ছিল প্রতি ভরি ৬৪ হাজার ১৫২ টাকা।