বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারণায় হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় মুলাদী উপজেলার ঈদগাহ ময়দান থেকে পৌর জামায়াতের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মুলাদী পৌরসভার চর টেকি এলাকায় জামায়াতের মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ হোসেন বয়াতির নেতৃত্বে নির্বাচনি প্রচারণা চলাকালে যুবদলের পৌর সাধারণ সম্পাদক শাওন হাওলাদার ও তার অনুসারীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষ হয়।
হামলায় আহত জামায়াত নেতা মো. আরিফ হোসেন বলেন, ‘শুক্রবার বিকেলে ঈগল প্রতীকে ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচারণার সময় ধানের শীষ প্রতীকের সমর্থক মুলাদী পৌর যুবদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।’
এতে নেতৃত্ব দেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শাওন হাওলাদার, আরিফুর রহমান টিটু, মিন্টু বেপারীসহ অর্ধশতাধিক নেতা-কর্মীরা।
পরে ওই দিন শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মাওলানা মোরশেদ আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি হুমায়ুন কবির ও ছাত্রশিবির সভাপতি হামিম হোসেনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।