• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পরকীয়া দ্বন্দ্ব: কান কাটার প্রতিশোধে কান কাটা, মামলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৯, ২০:৫৮ অপরাহ্ণ
পরকীয়া দ্বন্দ্ব: কান কাটার প্রতিশোধে কান কাটা, মামলা

অনলাইন ডেস্ক ॥ কয়েক মাস আগে স্ত্রীর পরকীয়া সম্পর্ক মেনে নিতে না পেরে তার পরকীয়া প্রেমিকের কান কেটে নিয়েছিলেন স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতে এবার প্রকাশ্যে স্বামীর কান কেটে নিলেন সেই প্রেমিক। কান কাটার ঘটনায় আহত ওই ব্যক্তির নাম সোহাগ সরদার, তিনি টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের শওকত সরদারের ছেলে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টায় স্বামী সোহাগ সরদার ঢাকা যাওয়ার উদ্দেশে পাটগাতী বাসস্ট্যান্ডের কাউন্টারে টিকিট নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় রাজিব (সোহাগের স্ত্রীর প্রেমিক) ও ৮-৯ জন সহযোগী নিয়ে পেছন থেকে এসে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহাগ সরদারকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। সোহাগ সরদারের শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করেন। এসময় সোহাগের বাম কান কেটে পলিথিন ব্যাগে নিয়ে উল্লাস করতে করতে চলে যান।

গুরুতর আহত অবস্থায় সোহাগকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে ওই সময়ই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সোহাগের মা কোহিনুর বেগম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় রাজিব শেখসহ ৮ জনকে আসামী করে একটি মামলা করেন। এ পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবীর বলেন, সোহাগের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ঘটনা জানার পরেই আমরা পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।