• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গলাচিপায় জমি-জমার জেরে আহত তিন, হাসপাতালে ভর্তি

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২১, ২০২১, ১৮:৪৮ অপরাহ্ণ
গলাচিপায় জমি-জমার জেরে আহত তিন, হাসপাতালে ভর্তি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় জমি-জমার জেরে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মো. রুবেল বাদশা (৩৭), মোসা. লাইলি বেগম (৬০) ও মিলন প্যাদা (৫০)।

আহতদেরকে উদ্ধার করে এলাকাবাসী গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চত্রা গ্রামের বাংলা বাজার নামক স্থানে।

আহত মা. রুবেল বাদশা জানান, জমি-জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমাদের জমি চাষাবাদে বাধা দেওয়ায় আমাদেরকে এলোপাথারীভাবে মারধর করে।

আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে প্রতিপক্ষরা হাসপাতালের গেটে আমাদেরকে আবারো মারধর করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা হাসপাতালে ভর্তি হই। এ বিষয়ে আহত লাইলি বেগম জানান, রেজাউল বাদশা, অলিউল, আলামিন, কালাম বাদশা, রবিউল গাজীসহ নাম না জানা আরো ৮/১০ জন লোক একত্রিত হয়ে আমাদেরকে মারধর করে।

এ বিষয়ে রেজাউল বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, পরস্পর আমরা আত্মীয়, জমি-জমার জেরে এ মারধর হয়েছে। আমাদেরও কয়েকজন আহত হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জোয়ায়রিয়া লিনজা বলেন, আহত রোগীরা আমার চিকিৎসাধীনে হাসপাতালের দ্বিতীয় তলায় ৩, ৪ ও ৫ নম্বর বেডে ভর্তি আছে।

এ বিষয়ে ডাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাকিব মোল্লা বলেন, উভয়েই তারা আত্মীয় স্বজন। দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।